সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

পাঞ্জাবী খাবার জালেবি পরোটা রেসিপি। Punjabi Food Jalebi Paratha Recipe

 উপকরণ:- ৪ কাপ ময়দা, স্বাদমতো নুন, ১ কাপ দুধ, সোয়া তিন কাপ দেশি ঘি, কিছুটা গ্রিজ পেপার, ৩ চামচ মৌরি। 

বানানোর পদ্ধতি:- ময়দা নুনের সাথে মিশিয়ে চালুনিতে চেলে বড়ো পাত্রে রাখুন। মৌরি হামানদিস্তায় গুঁড়ো করে নিন। ময়দার স্তুপে গর্ত করে আধ কাপ দুধ ও সমপরিমাণ জল মেশান। ভালো করে ঠাসতে থাকুন। ঠাসা হয়ে গেলে ভিজে কাপড় ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিন। তারপর দুইকাপ ঘি ময়দার তালে মিশিয়ে  আবার ঠাসতে থাকুন যতক্ষণ না ময়দা নরম হয়ে আসে। এইসময় গুঁড়ো করা মৌরি ময়দাতে মেশাতে হবে। ময়দা ঠাসা হয়ে গেলে ভিজে কাপড়ে ঢাকা দিয়ে আবার দশ মিনিট রেখে দিন। ময়দার তালকে সমান মাপের ১২ টি লেচিতে ভাগ করুন। উপরে ময়দার গুঁড়ো হালকা করে ছড়িয়ে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রাখুন। চাকি বেলুনের সাহায্যে ৮ ইঞ্চি ব্যাসের মাপে রুটির মতো করে বেলুন। রুটির উপর এক চামচ করে গলানো ঘি মাখান। তার উপরে হালকা করে ময়দা ছড়িয়ে দিন। এইবার বৃত্তাকার রুটির যেকোনো একটি ব্যাসার্ধ বরাবর ছুরি দিয়ে কাটুন। কাটা জায়গা থেকে শিঙাড়ার মতো করে রুটি গোল করে মুড়তে থাকুন। সমস্ত রুটি শঙ্কুর আকার নেবে। তখন তার মাথায় চাপ দিয়ে দিয়ে পেঁড়ার মতো করুন। সবকয়টি পেঁড়া ফ্রিজে ঢুকিয়ে ঘন্টা চারেক রেখে দিন। তারপর ওই লেচি বের করে আবার চাকি বেলুনের সাহায্যে বেলুন। বেলা রুটির ভাঁজে ভাঁজে গ্রিজ পেপার ঢুকিয়ে প্রতিটি পরোটাকে আলাদাভাবে ফ্রিজে ঢোকান। কিছুক্ষণ পরে সবকয়টি পরোটা বের করে নিয়ে তাওয়ায় অল্প ঘি দিয়ে একটি একটি করে ভাজতে থাকুন যতক্ষণ না হালকা সোনালী রঙ ধরে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷