শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

ডিম টমেটো পকোড়া রেসিপি। Egg Tomato Pakora Recipe

 উপকরণ:- ২ টা বড়ো আকারের টমেটো, ২ টা ডিম, ১ কাপ চালের গুঁড়ো, ১ টা বড়ো মাপের পেঁয়াজ, ২-৩ টা কাঁচালঙ্কা, আধ আঁটি ধনেপাতা কুচানো, পরিমাণমতো নুন, সামান্য হলুদ, পরিমাণমতো তেল, আধ চা চামচ বেকিং পাউডার। 

প্রণালী:- টমেটো ও পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিন। এইবার দুটি ডিম ফেটিয়ে পেঁয়াজকুচি ও টমেটোকুচির সাথে মেশান। এরপর চালের গুঁড়ো ও ধনেপাতাকুচানো এই মিশ্রণে মেশান। হলুদ, নুন ও বেকিং পাউডার দিন। কড়াইতে তেল গরম করে হাতায় করে গোলা তুলে লাল করে ভেজে নিন। সবশেষে সসের সাথে গরম গরম পকোড়া পরিবেশন করুন। 

আমেরিকান চপসোয়ে রেসিপি। American Chopsuye Recipe

 উপকরণ:- চাও তিন প্যাকেট, দেড় কাপ তিনকোনা করে কাটা সবজি ( গাজর, বিনস্, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি ), ১০০ গ্রাম বিনস্ স্প্রাউট, ১ টা পেঁয়াজ কুচানো, আধ কাপ বাদাম তেল, হাফ চা চামচ আজিনোমোটো, ১ চা চামচ সাদা মরিচ, ৪ টেবিল চামচ টমেটো কেচাপ, আন্দাজমতো নুন, ১ টেবিল চামচ বাদামি ভিনিগার, ১ টেবিল চামচ সয়াসস, কর্ণ ফ্লাওয়ার ২ চা চামচ। 

প্রণালী:- চাও অল্প সেদ্ধ করে জল ঝরিয়ে এক টেবিল চামচ ময়দা ছড়িয়ে গরম তেলে ভেজে নিন। হালকা রঙ ধরলে তুলে নিন। কাটা সবজি দুইকাপ জলে আধ চা চামচ নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। কড়াইতে তেল গরম করে সেদ্ধ সবজি, বিনস্ স্প্রাউট ও পেঁয়াজ দিন। আজিনোমোটো, নুন ও সাদা মরিচ দিয়ে দু মিনিট রান্না করুন। সস দিন। মিনিট খানেক রান্না হলে কর্নফ্লাওয়ার জলে গুলে কড়াইতে ঢালুন। পরিবেশন করার প্লেটে ভাজা চাউ রেখে তার উপর রান্না করা সবজি দিন। আবার তার উপরে খানিকটা ভাজা চাও দিয়ে পরিবেশন করুন। 

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

স্প্রিং রোল রান্নার রেসিপি। Spring Roll Cooking Recipe

 উপকরণ:- প্যানকেকের জন্য লাগবে ১টা ডিম, আধ কাপ ময়দা, ১ কাপ জল, আধ  চা চামচ নুন। ভাজার জন্য আন্দাজমতো বাদাম তেল। ফিলিং করার জন্য আধ কাপ বোনলেস চিকেন কুচি, ১ টা পেঁয়াজ কুচানো, অর্ধেক কাপ গাজর কুচি, চার খানা বিন কুচানো, আধা কাপ সরু করে কাটা বাঁধাকপি, সরু করে কাটা ৩ টা ক্যাপসিকাম, আধ কাপ বিনস্ স্প্রাউট, অর্ধেক চা চামচ আজিনোমোটো, দেড় চা চামচ নুন, ২ চা চামচ সয়াসস, ২ টেবিল চামচ তেল। 

প্রণালী:- ময়দা ও নুন মেশান। ওর মধ্যে ডিম ও জল দিয়ে একটা পাতলা গোলা তৈরি করুন। খানিকটা করে গোলা নিয়ে ননস্টিক প্যানে গোল করে ছড়িয়ে প্যানকেক ভেজে তুলুন। ফিলিং তৈরির জন্য প্রথমে তেল গরম করুন। পেঁয়াজকুচি দিয়ে একটু ভেজে সবজি ও মাংস দিন। হালকা রঙ ধরলে নুন ও সয়াসস দিয়ে রান্না করুন। আজিনোমোটো ছড়িয়ে নামিয়ে নিন। প্যানকেকের যে দিকটা ভাজা হয়েছে সেদিকটায় ফিলিং দিয়ে রোল করুন। এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ জলে গুলে রোলের ধার জুড়ে দিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে প্যানকেকগুলি বাদামি করে ভেজে তুলুন। কোনাকুনি কেটে গরম গরম পরিবেশন করুন। 

বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

মিক্সড স্যান্ডউইচ কিভাবে বানাবেন? How to Prepare Mixed Sandwich?

 উপকরণ:- ডিম, কুচানো মাংস, শশা, টমেটো, মাখন, সাদা সরষে গুঁড়ো, পাঁউরুটির স্লাইস, নুন, মরিচ গুঁড়ো। সবকয়টি উপাদানের পরিমাণ নির্ধারিত হবে কটা স্যান্ডউইচ বানাবেন এবং কিরকম স্বাদ হবে তার উপরে। 

প্রণালী:- ডিম ও মাংসকুচি সেদ্ধ করে নিন। শশা ও টমেটো কুচিয়ে রাখুন। এইবার রুটির শক্ত অংশ বাদ দিয়ে মাখন ও সরষের গুঁড়ো রুটিতে লাগান। ওর উপরে ডিম, মাংসকুচি, শশা ও টমেটো দিয়ে বিটনুন ও মরিচ গুঁড়ো ছড়িয়ে আর একটা একই সাইজের মাখন ও সরষের গুঁড়ো লাগানো রুটির টুকরো দিয়ে পরিবেশন করুন। 

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

ভেজিটেবল বা ভেজ স্যান্ডউইচ। Vegetables or Veg. Sandwich Recipe

 উপকরণ:- পাকা টমেটো, শশা, পেঁয়াজ, অল্প মাখন, অল্প সাদা সরষের গুঁড়ো, মরিচ গুঁড়ো, নুন, পাঁউরুটির স্লাইস। তবে এই সমস্ত জিনিসের পরিমাণ কমবেশি হবে স্বাদমতো ও স্যান্ডউইচের সংখ্যা অনুযায়ী। 

প্রণালী:- পেঁয়াজ, শশা, টমেটো গোল চাকা চাকা করে কেটে নিন। মাখন ও সরষে গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার রুটির ধারগুলো কেটে বাদ দিয়ে মাখনের পেস্ট লাগান। টমেটো, শশা ও পেঁয়াজ ভিতরে সাজিয়ে নুন ও মরিচ গুঁড়ো দিয়ে পুরো তৈরি। 

বাংলায় চীজ স্যান্ডউইচ রেসিপি। Cheese Sandwich Recipe in Bengali

 উপকরণ:- চিজ, পাঁউরুটির স্লাইস, মাখন, সরষের গুঁড়ো আপনার প্রয়োজন ও স্বাদ অনুসারে। 

প্রণালী:- পাঁউরুটির স্লাইসের শক্ত ধারগুলো কেটে বাদ দিন। চিজ স্লাইস করে কাটুন। এবার পাঁউরুটির স্লাইসে মাখন ও মাস্টার্ড বা সরষের পেস্ট লাগিয়ে ভিতরে চিজের স্লাইস দিয়ে কোণাকুনি কেটে নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। 

এগ্ স্যান্ডউইচ কিভাবে ঘরে বানাবেন। How to Cook Egg Sandwich at Home?

 উপকরণ:- ডিম, সরষের গুঁড়ো, মাখন, নুন, গোলমরিচ গুঁড়ো প্রয়োজন অনুযায়ী নেবেন। 

প্রণালী:- ডিম সেদ্ধ করে চাকা চাকা করে কেটে রাখুন। মাখনের সঙ্গে অল্প মাস্টার্ড গুঁড়ো বা সরষের গুঁড়ো দিয়ে পেস্ট তৈরি করে নিন। পাঁউরুটির শক্ত অংশ বাদ দিয়ে এই পেস্ট স্লাইস রুটিতে লাগিয়ে ডিমের চাকা ভিতরে সাজিয়ে নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে কাটলেই লোভনীয় এবং স্বাস্থ্যকর এগ স্যান্ডউইচ তৈরি।