দুইবার সাঁতলানোসহ উপকরণ:- কড়াইয়ের ডাল ১২০ গ্রাম, ৩০ গ্রাম রাজমা, স্বাদমতো নুন, ১০০ গ্রাম মাখন, ৭৫ মিলিলিটার ক্রিম, প্রথমবার সাঁতলানোর জন্য লাগবে - [ ১২৫ গ্রাম ঘি, ২ টা পেঁয়াজ কুচানো, ১ ইঞ্চি আদা কুচানো, ৫ খানা কাঁচালঙ্কা কুচানো, ১২৫ গ্রাম টমেটো কুচি, ২ টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। ], দ্বিতীয়বার সাঁতলানোর জন্য লাগবে - [ ২৫ গ্রাম ঘি, ১ টেবিল চামচ দারচিনি, অর্ধেক রসুন কুচানো, ১ চিমটি হিং, ২ চা চামচ কসুরি মেথি। ]
সহজ পদ্ধতি:- যেদিন সকালে বানাবেন তার আগের দিন রাতে শোয়ার আগে দুই ধরনের ডাল একসাথে ভিজিয়ে রাখুন। সকালে বানানোর শুরুতে দুই লিটার জলে নুন দিয়ে ঐ ডাল সেদ্ধ করে নিন। পুরো সেদ্ধ হয়ে গেলে উনুন থেকে নামিয়ে ডালের কাঁটা দিয়ে ফেটিয়ে নিন। এবার শুরু করুন প্রথমবার সাঁতলানো। কড়াইতে ঘি গরম করে পেঁয়াজ ভেজে আদা ও লঙ্কা ছাড়ুন। ভাজতে ভাজতে সোনালী রঙের হয়ে উঠলে টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিন। এরপরে এই ভাজা মিশ্রণ পাত্রে রাখা ডালের মধ্যে ঢেলে নেড়েচেড়ে মিশিয়ে দিন ও আঁচে বসান। ফুটে উঠলে দেখবেন তেল ভেসে উঠবে। এরপরে নামিয়ে নিন ও একটি বড়ো বাটিতে রাখুন। এইবার দ্বিতীয়বার সাঁতলানোর জন্য রাখা ঘি গরম করে তাতে প্রথমে দারচিনি ছাড়ুন। পরের মুহুর্তে ধীরে ধীরে রসুন দিয়ে বাদামি করে ভেজে পুরো ডালটা ঢেলে দিন। কসুরি মেথি ও হিং দিয়ে নামিয়ে নিন। মাখন ও ক্রিম দিয়ে পরিবেশন করুন।