শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
গাজর চিঙড়ির তরকারি তৈরি করতে শিখুন। Carrot Prawn Curry Recipe
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
কিমা সবজি তরকারি সহজে বানান। Keema Sabji Curry Recipe
উপকরণ:- ৫০০ গ্রাম এঁচোড়, বড়ো পেঁয়াজ ২ টা, ৪ টা আলু, [ তেল, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা, আদা, নুন, চিনি ও রসুন আন্দাজমতো পরিমাণে ], ১৫০ গ্রাম মাটন কিমা, ১০০ গ্রাম টকদই।
প্রণালী:- প্রথমে এঁচোড় ভাপিয়ে জল ঝরিয়ে নিন। মাটন কিমা প্রেসারকুকারে সেদ্ধ করুন। এবার কড়াই উনুনের আঁচে চাপিয়ে তেল দিয়ে গরম করে নিন। এই গরম তেলে আলুর টুকরোগুলি ভেজে একটি থালায় তুলে রাখুন। এখন ঐ তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিয়ে মাংসের কিমা ও কাঠালের এঁচোড় ছেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এরপরে এতে জিরে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচালঙ্কা, টকদই, চিনি ও নুন দিয়ে ভাজা ভাজা করে কষুন। ভালোভাবে কষানো হলে আন্দাজমতো জল দিয়ে সেদ্ধ করুন। পুরো সেদ্ধ হয়ে গেলে গরম মশলা ছড়িয়ে উনুন থেকে নামিয়ে নিন।
কাঁচামুগের ঠান্ডা ডাল তৈরির পদ্ধতি। Thanda Mug Daler Recipe
উপকরণ:- ১২৫ গ্রাম কাঁচামুগ ডাল, গোল গোল করে কাটা ১ টা ঝিঙে, বড়ো বড়ো চৌকো করে কাটা ১ ফালি লাউ, স্লাইস করে কাটা ২-৩ টা উচ্ছে, ১ মুঠো থোর কাটা, ২ টা সজনে ডাঁটা, ৩ টেবিল চামচ নারকেল কোরানো, আন্দাজমতো নুন, ১ টেবিল চামচ আদাবাটা, ২ টেবিল চামচ চিনি, আন্দাজমতো গাওয়া ঘি, অল্প পরিমাণে সরষে।
পদ্ধতি:- প্রথমে একটি কড়াইতে নুন দিয়ে পরিমাণমতো জলে ডাল সেদ্ধ করুন। ফুটে উঠলে সবজিগুলো দিন। ডাল ও সবজি সেদ্ধ হয়ে গেলে নারকেল কোরানো, আদাবাটা ও চিনি দিন। অন্য একটি পাত্রে ঘি গরম করে সরষে ফোড়ন দিন। ফোড়ন দেওয়া এই ঘি নামাবার আগে ডালে ঢালুন। ঠান্ডা হয়ে গেলে ডাল বেশ ঘন হবে। তখন পরিবেশন করুন।
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
ছোলার ডাল কিভাবে রান্না করবেন? Cholar Dal Recipe
উপকরণ:- ৫০০ গ্রাম ছোলার ডাল, ৫০ গ্রাম আদাবাটা, ২ টেবিল চামচ হলুদগুঁড়ো, ২ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ জিরে গুঁড়ো, অর্ধেক নারকেল কোরানো, মাঝারি সাইজের ২ টা টমেটো টুকরো করে কাটা, ৫০ গ্রাম কিশমিশ, নুন ও চিনি আন্দাজ মতো, কয়েকটি তেজপাতা, ভাজার জন্য সাদা তেল আন্দাজ মতো।
প্রণালি:- ডাল ভালো করে ধুয়ে পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। লক্ষ্য রাখবেন যেন গলে না যায়। একটি কড়াইতে তেল গরম করুন। এই গরম তেলে তেজপাতা, টমেটো ও অন্য সব মশলা দিয়ে কষে নিয়ে সেদ্ধ ডাল ছেড়ে দিন। এইবার নুন, চিনি ও কিশমিশ দিয়ে কিছুক্ষণ ফোটান। এই ফোটানোর সময় অনবরত নাড়তে থাকবেন। নাহলে, কড়াইয়ের তলা ধরে যেতে পারে। বেশ থকথকে হয়ে এলে উনুন থেকে নামিয়ে নারকেলকোরা ছড়িয়ে পরিবেশন করতে পারেন।
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
অড়হড় ডাল সহজেই বানান। Arahar Dal Recipe
উপকরণ:- ১০০ গ্রাম অড়হড় ডাল, হাফ কাপ ভাইটাল গ্রানিউল, ২ টা শুকনো লঙ্কা, ২ টি কাঁচালঙ্কা, ২ খানা টমেটো, জিরে হলুদের গুঁড়ো কিছুটা করে, খুব অল্প হিং, আন্দাজ মতো নুন - চিনি - ভাইটাল তেল, ১ চামচ ঘি।
প্রণালি:- প্রথমে ডাল সেদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে গরম জল দিয়ে গ্র্যানিউলগুলো ভিজিয়ে রাখুন। কড়াইতে সামান্য তেল গরম করে হিং, জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। এরপরে এতে আগে থেকে সেদ্ধ করা ডাল ঢেলে দিন। গ্র্যানিউলগুলো জল থেকে তুলে নিয়ে চেপে জল বের করে ডালের মধ্যে ছাড়ুন। ডাল ভালো করে ফুটলে সামান্য নুন ও চিনি দেবেন। নামিয়ে নেওয়ার আগে টমেটো কুচি, কাঁচালঙ্কা, উপরে ছড়িয়ে এবং ঘি ঢেলে গরম গরম পরিবেশন করুন।
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
চিংড়ি দিয়ে মুগডাল। Prawn Dal Recipe
উপকরণ:- ১ কাপ মুগডাল, খোসা ছাড়ানো মাঝারি মাপের চিংড়ি ১ কাপ পরিমাণে, মাঝারি আকারের ২ টা পেঁয়াজ কুচানো, থেঁতো করা ৪ কোয়া রসুন, ৬-৮ টা কাঁচালঙ্কা চেরা, ২ চা চামচ আদাবাটা, মাঝারি সাইজের টমেটো ১ টা, ২ টি তেজপাতা, ১ চা চামচ সাদাজিরে, নুন ও তেল আন্দাজ মতো, হলুদগুঁড়ো ও লঙ্কারগুঁড়ো ২ চা চামচ করে, ১ চা চামচ ঘি, ২ টি ছোট এলাচ, ২ টা লবঙ্গ ও তিনটি দারচিনি।
পদ্ধতি:- মুগডাল ভালো করে ভেজে ধুয়ে প্রথমে সেদ্ধ করে নিন। এরপরে চিংড়ি ধুয়ে নুন, হলুদ মাখিয়ে একটু সময় রেখে কড়াইতে তেল গরম করে চিংড়ি ভেজে তুলে রাখুন। এবার ঐ কড়াইতে দুই টেবিল চামচ তেল গরম করে জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিয়ে লাল করে ভাজুন। তারপর রসুন দিয়ে ঘি, লঙ্কা, হলুদ, আদা ও টমেটো দিয়ে কষুন। মাঝেমধ্যে অল্প জল দেবেন। এখন ভাজা চিংড়ি দিয়ে ডাল ঢেলে দিন। বেশ ভালো করে ফুটে উঠলে কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিন।
মুসুর ডাল তৈরির পদ্ধতি । Musur Daler Recipe
কাঁচামাল:- ২০০ গ্রাম মুসুর ডাল, ১টি বড়ো চামচ হলুদবাটা, ১ টেবিল চামচ ধনেবাটা ও আদাবাটা, অর্ধেক নারকেলের খানিকটা কোরানো আর বাদবাকি বাটা, মাঝারি সাইজের পাকা তেঁতুল ১ দলা, ছোট ১ চামচ গোটা জিরা, স্বাদমতো নুন ও চিনি, ফোড়নের জন্য ২ আঁটি কারিপাতা, ৫০ মিলিলিটার সাদা তেল।
কিভাবে বানাবেন?
- নুন দিয়ে ডাল ও হলুদবাটা জলে সেদ্ধ করুন।একটি ডেকচিতে তেল গরম করে গোটা জিরে ও কারিপাতা ফোড়ন দিন। ধনেবাটা ও আদাবাটা দিয়ে কষুন। এতে আগে থেকে সেদ্ধ করা ডাল মিশিয়ে তেঁতুলগোলা জল, নুন ও চিনি দিয়ে দিন। তারপর ১০ মিনিটের মতো সময় ধরে ফোটান। নারকেল কোরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।