সোমবার, ৩১ আগস্ট, ২০২০

সহজে বানিয়ে খান আলুর পরোটা । Alur or Potato Paratha Recipe

 উপকরণ:- ৪ টা বড়ো সাইজের আলু, ৩৫০ গ্রাম ময়দা, [ লঙ্কাগুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো ] - সবকয়টি হাফ চামচ করে। মৌরিগুঁড়ো ১ চামচ, চিনি হাফ চামচ, পাতিলেবুর রস হাফ চামচ, পেঁয়াজ বাটা ৪ চামচ, আদা বাটা ১ চামচ, আন্দাজ মতো নুন, ঘি অথবা বনস্পতি প্রয়োজন মতন। 

প্রণালি:- প্রথমে একটি পাত্রে তিন চামচ ঘি বা বনস্পতি, নুন ও আন্দাজ মতো জল দিয়ে ঠেসে ঠেসে নরম করে মেখে রাখুন। এবার আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। সমস্ত মশলা, লেবুর রস ও চিনি মিশিয়ে আলু ভালো করে চটকে নিয়ে পুর তৈরি করুন। প্রয়োজন মতো অর্থাৎ লেচির সংখ্যা অনুসারে পুর সমানভাবে ভাগ করে নেবেন। এবার প্রতিটি ময়দার লেচি বুড়ো আঙুল দিয়ে চেপে ১ ভাগ করে পুর দিয়ে লেচির মুখ বন্ধ করে দিন। এরপরে ময়দার গুঁড়ো মাখিয়ে লেচি মোটা মোটা গোলাকারে বেলে নিন। শুধু লক্ষ্য রাখবেন যে বেলার সময় যেন ফেটে না যায়। তারপরে উনুনে চাটু বসিয়ে গরম করে ১ টি বা ২ টি করে আলুর পরোটা ভেজে নিন। মনে রাখবেন, প্রতিটি পরোটা ১ চামচ ঘি বা বনস্পতি দিয়ে একটু কড়া করে ভাজবেন। টম্যাটো সস দিয়ে খেতে সত্যিই দারুণ লাগে। 

পরোটা বানান। How to Make Paratha Easily?

 উপকরণ:- ৫০০ গ্রাম ময়দা, ৫-৬ চামচ ময়ানের জন্য ঘি বা বনস্পতি, ২ চামচ টকদই, সিকি চামচ নুন, ভাজার জন্য ঘি বা বনস্পতি। 

প্রণালী:- একটি বড়ো পাত্রে ময়দা নিয়ে তারমধ্যে ময়ানের ঘি বা বনস্পতি, টকদই, নুন মিশিয়ে ঠেসে ঠেসে শক্ত করে মাখুন। এইবার লেচি কেটে নিন। লেচিগুলি গোল গোল করে নিয়ে ময়দার গুঁড়ো দিয়ে প্রথমে লুচির মতো গোলাকার করে বেলে নিন। এবার অর্ধেক ভাঁজ করুন। আবার অর্ধেক ভাজের কোনা ধরে অপর কোন যোগ করে ত্রিকোণ আকৃতির করুন। যদি চান তো প্রত্যেক ভাঁজে গলানো ঘি বা বনস্পতি হাতে করে লাগিয়ে ভাঁজ করতে পারেন। এতে পরোটা মুচমুচে ও ভাজগুলো আলাদা হবে। এইবার বেলে বড়ো সাইজের কাচা পরোটা বানান। তারপর একটি গরম চাটুতে এক চামচ করে ঘি বা বনস্পতি দিয়ে একটা একটা এপিঠ-ওপিঠ করে ভেজে নিন। ভাজার সময় জোড়ার মুখ খুন্তি দিয়ে চেপে ধরলেই পরোটা ফুলে উঠবে। একটু কড়া করে ভাজবেন।

রবিবার, ৩০ আগস্ট, ২০২০

আলুর পুরি বানানো শিখুন। Make Potato Puri at Home Kitchen

উপকরণ:- ২০০ গ্রাম ময়দা, ২০০ গ্রাম আলু, ১ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আন্দাজ মতো নুন, ভাজার জন্য ঘি বা বনস্পতি। 

তৈরির প্রণালি:- সর্বপ্রথম আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটি বড়ো পাত্রে ভালো করে চটকে নিন। এইবার আর একটি বড়ো পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে লঙ্কা ও মরিচ গুঁড়ো, চটকানো আলু দিন। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ১০-১৫ মিনিট ধরে ঠেসে ঠেসে ভালো করে মাখুন। মাখা হয়ে গেলে ছোট ছোট লেচি করে একটু ঘি বা বনস্পতি দিয়ে গোল গোল করে বেলে নিন। বেলা হয়ে গেলে একটি কড়াইতে ঘি বা বনস্পতি গরম করে একটি একটি করে এপিঠ-ওপিঠ উল্টে পাল্টে রঙ ধরিয়ে ভেজে নিন। সবটা ভাজা হয়ে গেলে পছন্দের আমিষ বা নিরামিষ তরকারির সাথে পরিবেশন করুন। 

চটপট আটার পুরি বানিয়ে ফেলুন। How to Make Wheat Flour Puri at Home Easily?

 উপকরণ:- ৫০০ গ্রাম আটা, ময়ানের জন্য ২০-২৫ গ্রাম ঘি বা বনস্পতি, হাফ চামচ নুন, ভাজার জন্য ঘি বা বনস্পতি। 

প্রণালি:- একটি পাত্রে পুরো আটা নিন। এর মধ্যে নুন, ময়ানের ঘি মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ১০-১৫ মিনিট সময় নিয়ে ঠেসে ঠেসে একটু টাইট বা শক্ত করে মাখুন। তারপর লুচির লেচির চেয়ে একটু বড়ো বড়ো লেচি কেটে ঘি দিয়ে গোল করে সবকয়টি বেলে নিন। এবার কড়াইতে ঘি বা বনস্পতি গরম করে একটা একটা করে লুচি ভাজার মতো ভেজে নিন। সবকয়টি ভাজা হয়ে গেলে পছন্দের আমিষ অথবা নিরামিষ তরকারির সাথে পরিবেশন করুন। 

রাধাবল্লভী তৈরির পদ্ধতি । Radhaballavi Recipe

 উপকরণ:- ৫০০ গ্রাম ময়দা, ৫ চামচ ময়ানের ঘি, হাফ চামচ নুন, ২-৩ চামচ টকদই, ১০০ গ্রাম কলাইয়ের ডাল, ২ চামচ মৌরিগুঁড়ো, ৬-৭ চামচ সাদা তেল, অল্প হিং, ভাজার জন্য ঘি।

পদ্ধতি:- যেসময় বানাবেন তার ৬-৭ ঘন্টা আগে থাকতে একটি ছোট বাটিতে কলাইয়ের ডাল ভিজিয়ে রাখুন। একই সময়ে একটুখানি জলে হিং-ও ভিজিয়ে রাখবেন। বানাবার ঠিক আগে প্রথমে একটি বড়ো পাত্রে ময়দা নিন। ওর মধ্যে ময়ানের ঘি, টকদই, নুন ও পরিমাণ মতো জল দিয়ে ঠেসে ঠেসে মেখে নিন। বেশি নরম করবেন না। বরঞ্চ যাতে একটু আঁটোসাঁটো হয় সেটা লক্ষ্য রাখবেন। এরপরে ভেজানো কলাইয়ের ডাল জল থেকে তুলে ঘসে ঘসে খোসা তুলে শিলে বেটে নিন। এবার জ্বলন্ত উনুনে কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে তা গরম করে ওতে ডালবাটা ও নুন পরিমাণ মতো দিয়ে কিছুটা নেড়েচেড়ে নামিয়ে রাখুন। তারপরে ডালবাটায় মৌরিগুঁড়ো ও হিংয়ের জল মিশিয়ে একটি পাত্রে ঢেলে ছড়িয়ে রাখুন। এবার হাতে একটু ঘি মেখে মাখা ময়দা আর একবার ঠেসে ঠেসে মাখুন। মাখা হলে লেচি কেটে গোল করে ঠুলি তৈরি করুন। আর তার মধ্যে ডালের পুর দিয়ে মুখ বন্ধ করে দিন। হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে লুচি বেলার মতো গোল করে বেলে নিন। খেয়াল রাখবেন যে, বেলবার সময় যেন ফেটে না যায়। এবার উনুনে আবার কড়াই চাপিয়ে ঘি বা বনস্পতি বেশি করে দিয়ে একটি একটি করে ছাঁকা ঘিয়ে ভেজে তুলুন। আলুর দম বা ঘুঘনির সাথে পরিবেশন করতে পারেন। 

শনিবার, ২৯ আগস্ট, ২০২০

ফুলকো লুচি বানিয়ে খান। Phulko Luchi Recipe

 উপকরণ:- ৫০০ গ্রাম ময়দা, ৫-৬ চামচ ময়ানের জন্য ঘি, অল্প নুন, ভাজার জন্য ঘি বা বনস্পতি। 


প্রণালী:- প্রথমে একটি বড়ো পাত্রে ময়দা নিন। ওতে ময়ানের জন্য রাখা ঘি, নুন ও পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে ১০-১৫ মিনিট ঠেসে ঠেসে মাখুন। দেখবেন যেন পাতলা না হয়। ময়দা ভালো করে ঠেসে মাখলে লুচি খুব ফুলে উঠবে। মাখার সময় গুঁড়ো ও জল বারে বারে মেশালে লুচি ফুলবে না। তাই শুরুতে একবারেই পরিমাণমতো জল নিয়ে নিতে হবে। ময়দা মাখা হয়ে গেলে লেচি কেটে ঘি দিয়ে গোল গোল করে বেলে উনুনের নরম আঁচে ঘি গরম করে ছাঁকা ঘিয়ে একটা করে ভাজুন। গরম  ঘিয়ে লুচি ছেড়ে দিয়ে খুন্তি দিয়ে লুচির মাঝখানটা আলতো করে টিপে ধরলেই দারুণ ফুলে উঠবে। একদিক ফুলে উঠলে অন্যদিকটা উল্টে ভাজুন। ঘি বেশি বা কম গরম যেন না হয়। তাহলে, লুচি ফুলে উঠবে না। 


ফলের স্যালাড (২)। Fruit Salad Recipe (2)

 উপকরণ:- লাল অংশ বের করে নেওয়া ১টা তরমুজ, চৌকো করে কাটা দুই টেবিল চামচ পাকা পেঁপের টুকরো, চৌকো করে কাটা ২ টেবিল চামচ আঙুরের টুকরো, ১টি কমলালেবুর কোয়া চৌকো করে কাটা, একটি পাকা কলা চৌকো করে কাটা। 

ড্রেসিং বা সাজানোর জন্য:- কিছুটা কমলালেবুর রস, খানিকটা পাতিলেবুর রস, ১ টেবিল চামচ রাম, ১ টেবিল চামচ মধু, হাফ টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ কুচানো পেস্তা। 

প্রণালী:- সব কয়টি উপকরণ একসাথে মিশিয়ে তরমুজের খোলায় সাজিয়ে রাখুন। এর উপরে সাজানোর জিনিস দিয়ে আরো সুন্দর করে ড্রেসিং করে পরিবেশন করুন। 

ফলের স্যালাড (১)। Fruit Salad Recipe (1)

উপকরণ:- অর্ধেক করে চিরে নেওয়া আনারস ১টা, আন্দাজ মতো কালো আঙুর, প্রয়োজন মতো চিনি, ২৫০ গ্রাম ডবলক্রিম, দরকার মতন ব্রান্ডি বা রাম। 

প্রথম পদ্ধতি:- অর্ধেক করে কেটে নেওয়া আনারসের মধ্য থেকে আনারস কুরিয়ে বের করে নিন। চোখগুলো কেটে বাদ দিয়ে টুকরো করুন। আনারস ও কালো আঙুরের কুচি গুলো একসাথে ব্রান্ডি বা রামে ভেজান। এর উপর চিনি ছড়িয়ে ফ্রিজে রেখে বরফঠান্ডা করুন। আর একটি পাত্রে ডবলক্রিমের সাথে চিনি মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। বেশ ঘন হবে। এটাও ফ্রিজে রেখে বরফঠান্ডা করুন। যখন পরিবেশন করবেন তখন আনারসের খোল দুটি পাশাপাশি রেখে তার মধ্যে ফলের টুকরোগুলো দিয়ে উপরে ঠান্ডা হওয়া ক্রিম ঢেলে সুন্দর করে সাজিয়ে নেবেন। 

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

মিক্সড স্যালাড বানিয়ে ফেলুন। Mixed Salad Making Process

 উপকরণ:- ২টা মাঝারি সাইজের গাজর, ২টি বিট, ১টা শসা, ৩টি টমেটো, ১টা বড়ো পেঁয়াজ, হাফ কাপ পরিমাণে ছাড়ানো কড়াইশুঁটি, কিছুটা লেটুস পাতা, হাফ কাপ পরিমাণে সরু করে কাটা বাঁধাকপি, ১ টেবিল চামচ মেয়োনিজ সস, হাফ চা চামচ টোম্যাটো সস, কয়েক ফোঁটা চিলি সস। 

তৈরির প্রণালি:- প্রথমে গাজর, বিট, শসা, টমেটো ও পেঁয়াজ গোল গোল করে কেটে নিন। তারপর গাজর, বিট, বাঁধাকপি ও কড়াইশুঁটি আলাদাভাবে নুন জলে অল্প সেদ্ধ করে নিন। সেদ্ধ করার পরে একটি বড়ো প্লেট নিয়ে তার মাঝখানে বাঁধাকপি দিয়ে চারপাশে কড়াইশুঁটি সাজিয়ে দিন। টমেটো সহ বাকি সব সবজি পরপর সাজিয়ে দিন। এইবার মেয়োনিজ, টোম্যাটো ও চিলি সসগুলি ভালো করে ফেটিয়ে বাঁধাকপির উপর ঢেলে দিন। এইভাবে তৈরি করা স্যালাড ফ্রিজে রেখে ঠান্ডা করে খান বা পরিবেশন করুন। 

চকোলেট ফ্রুট স্যালাড তৈরির পদ্ধতি। Chocolate Fruit Salad Recipe

 উপকরণ:- ১টি বড়ো কমলালেবু, ১টি বড়ো মিষ্টি আপেল, ১২৫ গ্রাম মিষ্টি আঙুর, চৌকো করে কাটা অর্ধেক ফুটি বা খরমুজ, ২ টেবিল চামচ শেরি, ২ টেবিল চামচ লেবুর রস, ১৭৫ গ্রাম গলানো চকোলেট, খানিকটা ক্রিম। 

প্রণালী:- সবার আগে কমলালেবুর খোসা ছাড়িয়ে কোয়া আলাদা করে রাখুন। আপেলও কমলালেবুর মতো করে কেটে রাখুন। একটি কাঁচের প্লেটে সমস্ত ফলগুলো সাজিয়ে শেরি ছড়িয়ে ঘন্টাখানেক ঢাকা দিয়ে রেখে দিন। এইবার একটা একটা করে শেরি ফল কাঠিতে গেঁথে অন্য একটি পাত্রে রাখা গলানো চকোলেটে চুবিয়ে আর একটি পাত্রে সাজিয়ে রাখুন। খেয়াল রাখবেন চকোলেটটা যেন প্রত্যেক ফলের কেবল অর্ধেকটাতেই লাগানো হয়। এইভাবে বাদবাকি সবকয়টি ফলই চকোলেটে অর্ধেকটা করে চুবিয়ে একটি পাউরুটির কাগজের উপর খানিকটা সময় রাখুন। শেষে একটি প্লেটে এগুলো সাজিয়ে ক্রিম ও লেবুর রস উপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। 

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

ভিন্ডি অর্থাৎ ঢ্যাঁড়সের স্যালাড খুব সহজে বানিয়ে ফেলুন। Bhindi Salad Recipe

 উপকরণ:- ৪৫০ গ্রাম ওজনের ভালো কচি ভিন্ডি বা ঢ্যাঁড়স, ১টি বড়ো পেঁয়াজ কুচানো, ৪ টেবিল চামচ সূর্যমুখী তেল বা সানফ্লাওয়ার অয়েল, ২ টেবিল চামচ পাতিলেবুর রস, ১ কোয়া রসুন বাটা, ১ চা চামচ চিনি, নুন ও গোলমরিচ গুঁড়ো স্বাদমতো। 

পদ্ধতি:- প্রথমেই সমস্ত উপকরণ হাতের সামনে জোগাড় করে নিলে খুব সহজে অল্প সময়ে এটি তৈরি করে নিতে পারবেন। সবার আগে কচি ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপরে এই টুকরোগুলো গরম ফুটন্ত জলে দিয়ে একটু জলটা ফুটিয়ে নিন। এরপর ভিন্ডির টুকরোগুলো তুলে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিন। এইবার একটি পাত্রে ঢ্যাঁড়স আর পেঁয়াজ কুচি রাখুন। এতে লেবুর রস, তেল, রসুন বাটা, চিনি, নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পরিবেশন করুন। খুবই স্বাস্থ্যকর খাবার। ভাত বা রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে। 

স্বাস্থ্যকর রেনবো স্যালাড | Prepare Rainbow Salad at Home Easily

 কি কি উপকরণ লাগে?:- ১ টা বড়ো বা মাঝারি সাইজের আনারস, ২ টা শশা, ২ খানা পাকা লাল টমেটো, ২ চা চামচ ভিনিগার, ১ টেবিল চামচ সাদাতেল, অর্ধেক চা চামচ সরষেগুঁড়ো, ১ চা চামচ চিনি, নুন ও মরিচ গুঁড়ো স্বাদমতো ব্যবহার করুন। 

বানানোর পদ্ধতি:- আনারস লম্বালম্বিভাবে চার টুকরো করে কাটুন। পাতাগুলো ফেলবেন না। এইবার একটি ধারালো ছুরি দিয়ে আনারসের শাঁসটা সাবধানে লম্বা ভাবে কেটে তুলে নিন। টুকরো করে কেটে আবার ওখানেই ভরে দিন। এবার শশা ও টমেটো গোল গোল স্লাইস করে কেটে আনারসের টুকরোর মধ্যে পরপর সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এই ফাঁকে বাদবাকি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে ফেটিয়ে রাখুন। একদম শেষে ঠান্ডা স্যালাডের উপর এই মিশ্রণ ঢেলে নিলেই রেনবো স্যালাড পুরোপুরি প্রস্তুত। 

বুধবার, ২৬ আগস্ট, ২০২০

স্প্রিং স্যালাড তৈরির পদ্ধতি | Spring Salad Easy Recipe

 উপকরণ:- ১০০ গ্রাম ছোট গাজর, ১০০ গ্রা. বিন, লেটুস পাতা ১ আঁটি, কিছুটা পাঁচমিশেলি শাক ( পেঁয়াজ শাক, পার্সলে, সেলারি, ধনেপাতা, পুদিনাপাতা ), ১টা ডিম। ড্রেসিং-এর জন্য [ ২ টেবিল চামচ ভিনিগার, হাফ চা চামচ মাস্টার্ড ( সরষের তেল ), ৪ টেবিল চামচ অলিভ অয়েল, নুন-মরিচ-চিনি স্বাদমতো ] নিন। 

প্রক্রিয়া:- প্রথমে একটি ঢাকনাওয়ালা জারে ড্রেসিং-এর সবকয়টি উপকরণ রেখে ভালো করে ঝাঁকিয়ে নিন। গাজর, বিন কেটে নিন। শাকগুলি জলে ধুয়ে শুকিয়ে রাখুন। একটি পাত্রে সিকি কাপ জলে স্বাদমতো নুন, ১ চামচ চিনি দিয়ে গাজর সেদ্ধ করুন। জল ফুটতে ফুটতে যেন পুরো টেনে যায়। এবার আর একটি পাত্রে কিছুটা জল ফুটিয়ে নিন। ফুটন্ত জলে ২-৩ মিনিট ধরে কাটা বিনগুলিকে ভিজিয়ে রাখুন। এইভাবে বিনগুলি কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটি ডিমের পোচ বানিয়ে রাখুন। যে পাত্রে পরিবেশন করবেন তাতে লেটুসপাতা ছড়িয়ে উপরে গাজর, বিন, পাঁচমিশেলি শাক দিয়ে ড্রেসিং ছড়ান। একেবারে উপরে ডিমের পোচ রেখে পুরো সাজিয়ে নিয়ে পরিবেশন করুন। 

কিভাবে ভেজিটেবল ফ্রেঞ্চ ওনিয়ন স্যুপ তৈরি করবেন? Vegetable French Onion Soup Recipe

 তৈরির কাঁচামাল:- ৪টি মাঝারি আকারের পেঁয়াজ, ৪ চা চামচ মাখন, হাফ কাপ চীজ কোরানো, ১টি বড়ো গাজর টুকরো করে কাটা, ২ পিস বড়ো স্লাইস পাঁউরুটি, হাফ চা চামচ চিনি ও নুন আন্দাজ মতো। 

কিভাবে তৈরি করবেন?:- প্রথমে ২টি পেঁয়াজ টুকরো করে কেটে নিন ও এর সাথে টুকরো করে কাটা গাজর নিয়ে একটি বড়ো বা মাঝারি পাত্রে রাখুন। এবার এই পাত্রে ৫ কাপ জল ও আন্দাজ মতো নুন দিয়ে উনুনের আঁচে বসান। ফুটিয়ে সবটা সেদ্ধ হয়ে গেলে ২ কাপ জল অবশিষ্ট থাকতে থাকতে উনুন থেকে নামিয়ে ছেঁকে নিন। বাকি দুটি পেঁয়াজ পাতলা স্লাইস করে কেটে নিন। পাঁউরুটি ২ পিস্ কড়া করে টোস্ট করে পাশগুলো কেটে বাদ দিয়ে মাঝের অংশ নিন। আবার পাত্রটি আঁচে বসিয়ে মাখনটা দিয়ে দিন। মাখন গরম হয়ে এলে বাকি স্লাইস করে কাটা পেঁয়াজগুলি বাদামি করে ভাজুন। এরপর ছাঁকা স্যুপের জল ওতে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে উনুন থেকে নামিয়ে নিন। এবার দুইটি ছোট পাত্রে সমানভাবে ঢালুন। প্রত্যেকটিতে ১ পিস করে পাঁউরুটি টোস্ট দিয়ে উপরে কোরানো চীজ ছড়িয়ে মাঝারি আঁচে মাইক্রোওভেনে বেক করতে দিন। বাদামি রঙের হয়ে গেলে নামিয়ে নেবেন। 

সোমবার, ২৪ আগস্ট, ২০২০

চিকেন অর্থাৎ মুরগির মাংসের স্টক বা স্যুপ। Chicken Stock or Soup Recipe

 উপকরণ:- বোনলেস মুরগির মাংস ৩০০ গ্রাম ৮ টুকরো করে কাটা, ১টা বড়ো পেঁয়াজ কুচানো, ১টা ছোট গাজর কুচানো, ২ চা চামচ সেলেরি পাতা কুচানো, ২-৩ টা তেজপাতা, লবঙ্গ-এলাচ-দারচিনির প্রত্যেকটি ২টি করে, ১ চা চামচ চিনি, স্বাদমতো নুন। 

প্রণালী:- উনুনের আঁচে একটি বড়ো ডেকচি বসিয়ে মাংস সমেত সমস্ত উপকরণ দিয়ে ২ লিটার জল ঢেলে দিন। আর একটি ঢাকনা দিয়ে পাত্রটিকে ঢেকে দিন। যখন ফুটতে শুরু করবে তখন ঐ ঢাকনা অল্প সরিয়ে আঁচ কম করে দিয়ে দেড় থেকে দুই ঘন্টা সময় ধরে ফোটান। তারপর উনুন থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন। জল কমবেশি ১ লিটার বের হবে। এই চিকেন স্টক ফ্রিজে রেখে দুই দিন ব্যবহার করতে পারবেন। যদি ডেকচির বদলে প্রেশার কুকারে তৈরি করেন তাহলে ১.৫ লিটার জল দিয়ে ৪০ মিনিটের মতো সময় ধরে সেদ্ধ করলেই হবে। 

খাসি বা পাঁঠার মাংসের স্টক অথবা স্যুপ। How to Make Mutton Stock or Soup at Home Easily?

 (১) মটন স্টক:

উপকরণ:- ৫০০ গ্রাম খাসি বা কচি পাঁঠার নালীর হাড় ছোট ছোট টুকরোতে কাটা, ১টা বড়ো পেঁয়াজ চার টুকরো করে কাটা, ৪টা ছোট এলাচ, ১ ইঞ্চি দারচিনি, ৩-৪ টা তেজপাতা, ১টা খোসা ছাড়ানো গাজর কুচানো, ১ চা চামচ চিনি ও নুন স্বাদমতো। 

প্রক্রিয়া:- মাংসের হাড় ও অন্যান্য উপকরণ সামগ্রী একটি বড়ো ডেকচিতে রাখুন। তারপর ২ লিটার জল দিয়ে উনুনের আঁচে বসিয়ে ডেকচির মুখে ঢাকনা দিয়ে দিন। পুরোপুরি ফুটে উঠলে ঢাকা অল্প সরিয়ে দিন। এরপর নরম আঁচে দেড় থেকে দুই ঘন্টা ফোটান। তারপর উনুন থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন। দেখবেন ১ লিটারের মতো জল বের হবে। এখন আপনার মাংসের স্টক পুরো তৈরি। ফ্রিজে রেখে ২-৩ দিন ব্যবহার করতে পারবেন। এটি যদি প্রেসার কুকারে রান্না করেন তাহলে দেড় লিটারের মতো জল লাগবে আর ৪০ মিনিট ফুটিয়ে সেদ্ধ করলেই হবে। 


(২) মটন স্যুপ:

উপকরণ:- বোনলেস খাসি বা পাঁঠার মাংস ২৫০ গ্রাম, ১টি বড়ো পেঁয়াজ টুকরো করে কাটা, হাফ চা চামচ কুচানো আদা, ৭-৮ টা গোলমরিচ, হাফ কাপ নারকেলের দুধ, ১ চা চামচ কর্নফ্লাওয়ার, ১টি পাতিলেবু, কিছুটা গোটা গরমমশলা, অর্ধেক চামচ চিনি, ১ চা চামচ মাখন, আন্দাজ মতন বা স্বাদমতো নুন। 

কিভাবে তৈরি করবেন?:- একদম প্রথমে গরম জলে নারকেল কোরা ভিজিয়ে দুধ বের করে নেবেন। মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজের টুকরো, আদার কুচি, গরমমশলা, গোলমরিচ ও নুন দিয়ে একটি ডেকচিতে নিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে উনুন থেকে ডেকচি নামিয়ে সব ছেঁকে নিন। অল্প পরিমাণ জলে কর্নফ্লাওয়ার গুলে নিয়ে ওতে ঢেলে দিন। তারপর মাখন গরম করে ওর মধ্যে দিন। ওতে নারকেলের দুধ দিয়ে ভালো করে মেশান। এবার এই মিশ্রণটিকে আঁচে বসিয়ে নাড়তে থাকুন। এবার ওতে ছাঁকা স্যুপ ঢেলে কিছুটা সময় নাড়ুন। ফুটে উঠলে নামিয়ে নিয়ে পাতিলেবুর রস ও মরিচ গুঁড়ো দিয়ে পরিবেশন করুন। 

পেঁয়াজের স্টক বা স্যুপ। Onion Stock or Soup Recipe

 উপকরণ:- বড়ো সাইজের ৩টি পেঁয়াজ কুচানো, ২টি মাঝারি মাপের গাজর খোসা ছাড়িয়ে কুচিয়ে কাটা, কুচিয়ে কাটা সেলেরি ও পার্সলি পাতা একটি ছোট কাপের মাপে, ৪ কোয়া রসুন, ৫-৬ চা চামচ মাপের বাদাম তেল, ১ চা চামচ চিনি, ২ চা চামচ টকদই দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আন্দাজ ও প্রয়োজন মতো নুন। 

তৈরির প্রণালী:- একটি বড়ো মাপের ডেকচিতে তেল দিয়ে ওভেন বা উনুনের আঁচে বসান। তেল গরম হয়ে গেলে ঐ তেলে চিনি দিয়ে মাত্র মিনিট খানেক সময় নিয়ে নেড়ে এবার পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে পেঁয়াজ হালকা বাদামী করে ভাজুন। এবার বাদবাকি উপকরণও ঢেলে দিন। ৪-৫ মিনিট হাতা দিয়ে নেড়েচেড়ে দেড় লিটার জল ঢালুন ও আন্দাজ মতো নুন দিয়ে ডেকচিটা ঢাকা দিয়ে দিন। ফুটে উঠলে ঢাকনাটি সামান্য সরিয়ে উনুনের আঁচ কমিয়ে বা নরম আঁচে আরও আধঘন্টা ফোটান। তারপর উনুন থেকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। ১ লিটারের মতন জল বের হবে। এইভাবে ওনিয়ন স্টক বা পেঁয়াজের স্টক তৈরি করতে হয়। ২ দিন পর্যন্ত রেফ্রিজারেটরে রেখে ব্যবহার করতে পারবেন। এই ধরনের স্টক বা স্যুপের ঝোলকে অনেকে সুরুয়া বলে থাকেন। 

রবিবার, ২৩ আগস্ট, ২০২০

ভেজিটেবল স্টক বা স্যুপ। How to Make Vegetable Stock or Soup Easily?

 উপকরণ:- ২টা মাঝারি আকারের খোসা ছাড়ানো গাজর ডুমো ডুমো করে কাটা, ১টা শালগম বা ওলকপি খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কাটা, ১০০ গ্রাম কুচিয়ে কাটা বাঁধাকপি, ১ মুঠো সেলেরি পাতা কুচানো, ১টা পাকা বড়ো লাল টমেটো, ১টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, ৬-৭ চা চামচ বাদাম কুচি, প্রয়োজন মতো রেপসিড তেল, ২-৩ খানা তেজপাতা, ১২-১৪ টা গোলমরিচ, কিছুটা গরমমশলা, হাফ চা চামচ চিনি, আন্দাজ বা প্রয়োজন মতো নুন। 

পদ্ধতি:- উনুনে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচানো দিন। রঙ ধরা পর্যন্ত নেড়েচেড়ে ভাজতে থাকুন। এবার সমস্ত সবজি ও মশলা দিয়ে আবার কিছুক্ষণ নাড়ুন। তারপর দুই লিটার জল ও প্রয়োজন মতো নুন দিয়ে ১-৩ বার নেড়ে ঐ পাত্রটিকে ঢেকে দিন। যখন দেখবেন ফুটতে শুরু করেছে তখন ঢাকনা অল্প সরিয়ে ঘন্টাখানেক নরম আঁচে ফোটান। এরপর আঁচ থেকে নামিয়ে একটু সময় অপেক্ষা করে ছেঁকে নিন। ১ লিটারের মতো জল বেরোবে। ২ দিন অবধি এই স্টক রেফ্রিজারেটরে রেখে ব্যবহার করতে পারবেন। 

শনিবার, ২২ আগস্ট, ২০২০

ভেজিটেবল বা ভেজ রোল বানানো শিখুন। Vegetable or Veg. Roll Recipe

 উপকরণ:- (১) রোলের পুরের জন্য:- দুটি মাঝারি গাজর কুচানো, বড়ো বা মাঝারি ১টা ক্যাপসিকাম কুচানো, ২টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, ২টা ছোট আলু কুচানো, ৪ খানা কাঁচালঙ্কা কুচানো, টমেটো সস ২ টেবিল চামচ, নুন ও চিনি স্বাদমতো ও প্রয়োজনমতো, বাদাম তেল ৩ টেবিল চামচ। 

(২) রোলের রুটি বা পরোটার জন্য:- ময়দা ৫০০ গ্রাম, মাখন ১০০ গ্রাম, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, নুন ১ চা চামচ। 

প্রণালী বা পদ্ধতি:- প্রথমে পুরের সব উপকরণ একসাথে মেখে পুর তৈরি করে নিন। পুর রেডি করে সাইডে রেখে দিন। এবার মাখন, নুন, গোলমরিচ গুঁড়ো ও জল দিয়ে ময়দা মেখে নিন। এবার ময়দার তাল থেকে লেচি করে রুটির মতো করো বেলে নিয়ে মাঝখানে লম্বালম্বিভাবে পুর দিয়ে রোলের আকারে তৈরি করে নিন। প্রতি রোলের উপর ব্রাশের সাহায্যে বাদাম তেল মাখিয়ে রাখুন। আপনার মাইক্রোওভেন মাঝারি তাপে আগে থেকেই ১০ মিনিট ধরে একটু গরম করে নিন। একটা বেকিং ট্রেতে একটু তেল মাখিয়ে রোলগুলি পাশাপাশি সাজিয়ে রাখুন। এবার আগে থাকতে গরম করা মাইক্রোওভেনে রোলভরা বেকিং ট্রেটা ঢুকিয়ে আরও ৪০ মিনিট রেখে বের করে নেবেন। রোলগুলির উপরটা একটু বাদামি রঙের হবে। আপনার চাহিদা অনুসারে বেক করার সময় আর একটু বাড়িয়েও নিতে পারেন। ব্যাস্, ভেজিটেবল রোল পুরোপুরি খাওয়ার জন্য রেডি। 

পনিরের রোল কিভাবে বানাবেন? Paneer Roll Recipe

 উপকরণ:- পনির ১৫০ গ্রাম, ৫০ গ্রাম টকদই, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ করে, ৪ টা কাঁচালঙ্কা কুচানো, ১টা পেঁয়াজ কুচানো, ১টা ক্যাপসিকাম কুচানো, লেবুর রস ২ চামচ, সাদা তেল ২-৪ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, স্বাদমতো নুন ও চিনি, ময়দা ২০০ গ্রাম, কাজুবাদাম বাটা দুই টেবিল চামচ, চারমগজ বাটা ২ টেবিল চামচ, কাবাব মশলা একই পরিমাণে, গুঁড়ো লঙ্কা ২ টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো সমান মাত্রায়। 

প্রণালী:- পনির মাঝারি মাপে চৌকো করে কাটুন। চারমগজ বাটা, আদাবাটা, রসুনবাটা, কাজুবাটা, টকদই, গুঁড়োলঙ্কা, গরমমশলার গুঁড়ো, কাবাব মশলা, সামান্য তেল ও নুন একসাথে মিশিয়ে পনিরের টুকরোগুলোর উপর ঢেলে দিন। ১০-১২ মিনিট এইভাবে রেখে দিন। এরপর পনিরের টুকরোগুলোর গায়ে ভালো করে আমচুর মাখিয়ে একটি একটি করে তন্দুরি শিকে গেঁথে নিয়ে কাঠকয়লার আগুনে রোস্ট করুন। রোস্টেড পনিরের টুকরোগুলোকে একটি আলাদা পাত্রে রেখে দিন। এইবার তেল, নুন, চিনি ও জল দিয়ে ময়দা মাখুন রোলের পরোটা তৈরির জন্য। ময়দার তাল বেলে পরোটা তৈরি করুন। উনুনে একটি তাওয়া গরম করে তাতে মাখন দিয়ে লালচে করে ভেজে নিন। পরোটা ভাজা হয়ে গেলে ঐ তাওয়াতেই অল্প তেল দিয়ে পনির-পেঁয়াজ কুচি-ক্যাপসিকাম কুচি একসাথে হালকা ভেজে নিয়ে পরোটার মাঝে লম্বালম্বি করে এই ফ্রাই সাজিয়ে নিন। অবশেষে, এর উপরে লেবুর রস ও কাঁচালঙ্কা কুচানো ছড়িয়ে দিয়ে পাতলা সাদা কাগজ দিয়ে গোল করে মুড়ে নিলেই গরমাগরম পনির রোল তৈরি। 

সহজে চিকেন রেশমি কাবাব রোল বানিয়ে ফেলুন। Chicken Reshmi Kabab Roll Recipe

 উপকরণ:- বোনলেস মুরগির মাংস ২০০ গ্রাম, ৪ টেবিল চামচ টকদই, আধ কাপ নারকেলের দুধ, ২টি ডিম, সাদা তেল ২-৪ টেবিল চামচ, শা মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ, জিরের গুঁড়ো একই পরিমাণে, এলাচ গুঁড়োও একই মাত্রায়, ১টা পেঁয়াজ কুচানো, ৪টা কাঁচালঙ্কা কুচানো, লঙ্কার গুঁড়ো ২ টেবিল চামচ, কিছুটা ধনেপাতা, রসুন ও আদা বাটা ২-৩ টেবিল চামচ, লেবুর রস ২ চামচ, ময়দা ২০০ গ্রাম, স্বাদমতো নুন ও চিনি, মাখন ২ টেবিল চামচ, মিষ্টি আতর ২ ফোঁটা, কেওড়া আতর ও গোলাপ জলও ২ ফোঁটা করে। 

প্রণালী:- প্রথমে চিকেন মাঝারি টুকরো করে কাটুন। টকদই, ডিম, ধনেপাতা বাটা, আদা ও রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, সামান্য নুন ও তেল একসঙ্গে মিশিয়ে মাংসের উপর ঢেলে দিন। এইরকম ভাবে ১৫ মিনিটের মতো রেখে দিন। এরপর এরমধ্যে নারকেলের দুধ, শা মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, এলাচের গুঁড়ো, ২ ফোঁটা করে মিষ্টি আতর, কেওড়া আতর ও গোলাপ জল মেশান। আবার ৫ মিনিট রেখে দিন। এরপরে ঐ মশলা মিশ্রিত বোনলেস চিকেনের টুকরোগুলোকে একটা একটা করে তন্দুরি শিকে গেঁথে নিয়ে কাঠকয়লার আগুনে রোস্ট করে নিন। রোস্টেড টুকরোগুলোকে একটা আলাদা পাত্রে রেখে দিন। সামান্য তেল, নুন, চিনি ও জল দিয়ে ময়দা মেখে রোলের পরোটা বেলে নিন। একটি তাওয়াতে মাখন দিয়ে একটু লালচে করে পরোটাগুলিকে ভেজে নিন। ভাজা হয়ে গেলে পরোটার মাঝখানে চিকেনের টুকরোগুলোকে লম্বালম্বিভাবে সাজিয়ে লেবুর রস, লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে একটি পাতলা কাগজের টুকরো দিয়ে গোল করে মুড়লেই আপনার পছন্দের চিকেন রেশমি কাবাব রোল তৈরি। 

শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

শিখে নিয়ে ঘরেই বানান চিকেন টিকিয়া রোল। How Make Chicken Tikka Roll With Egg at Home Easily?

 উপকরণ:- বোনলেস মুরগির মাংস ১৫০ গ্রাম; কারিপাতা, পার্সলে পাতা, রসুন, আদা ও পেঁয়াজ বাটাগুলির প্রত্যেকটি ২ টেবিল চামচ করে; ১টা পেঁয়াজ কুচানো; সাদা তেল ২-৪ টেবিল চামচ; মাখন ২ টেবিল চামচ; লেবুর রস ২ চামচ; ৪ টা কাঁচালঙ্কা কুচানো; গুঁড়োলঙ্কা দুই টেবিল চামচ; ২টা ডিম; টকদই ৪ টেবিল চামচ; পাঁচ মিশেলি ডাল ( মটর, ছোলা, মুগ, মুসুর, অড়হর ) বাটা ১০০ গ্রাম; ময়দা ২০০ গ্রাম; নুন ও চিনি স্বাদমতো। 

বানানোর পদ্ধতি:- হাড় ছাড়া মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিন। টকদই, ডিম, আদা বাটা, পার্সেলপাতা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, গরমমশলার গুঁড়ো, পেঁয়াজ বাটা ও তেল একসাথে মিশিয়ে মাংসের টুকরোগুলির উপর ঢেলে দিন। তারপর ১০ মিনিট এইভাবে রেখে দিন। এরপরে পাঁচ মিশেলি ডাল বাটা মাংসের সাথে ভালো করে মেশান। এবার ঐ মিশ্রণকে চপের মতো করে তৈরি করুন ও তাওয়াতে অল্প ভাজুন। টিক্কা তৈরি হয়ে গেলে একটি পাত্রে রেখে দিন। সামান্য তেল, জল, নুন ও চিনি দিয়ে ময়দা মেখে তাল তৈরি করুন পরোটার জন্য। ঐ তাওয়াতেই মাখন দিয়ে রোলের জন্য পরোটা লালচে করে ভাজুন। শেষে ভাজা পরোটার মাঝখানে লম্বালম্বিভাবে চিকেন টিক্কা ভেঙে সাজিয়ে দিন। তার উপরে লেবুর রস, কাঁচালঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে পাতলা কাগজসহ মুড়ে এগ্ চিকেন টিকিয়া রোল বানান। গরম গরম খান ও খাওয়ান। 

লাজবাব মাটন রোল | Tasty Mutton Roll Recipe

 উপকরণ:- বোনলেস মাটন ১৫০ গ্রাম, ৫০ গ্রাম টকদই, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা একই পরিমাণে, ৪ টা কাঁচালঙ্কা কুচানো, ১ টা বড়ো পেঁয়াজ কুচানো, ১ টা ক্যাপসিকাম কুচানো, লেবুর রস ২ চামচ, সাদা তেল ২-৪ টেবিল চামচ, নুন ও চিনি স্বাদমতো, মাখন ২ টেবিল চামচ, কাজুবাদাম বাটা একই মাত্রায়, চারমগজ বাটা ২ টেবিল চামচ, কাবাব মশলা ও গুঁড়োলঙ্কা দুই টেবিল চামচ করে, গুঁড়ো গরম মশলাও একই মাপে, ময়দা ২০০ গ্রাম। 

প্রক্রিয়া:- মাটন ছোট ছোট টুকরো করে কেটে নিন। এইবার চারমগজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু বাটা, টকদই, গুঁড়োলঙ্কা, গরমমশলার গুঁড়ো, কাবাব মশলা, সামান্য তেল ও নুন একসাথে ভালো করে মিশিয়ে মাংসের টুকরোগুলির উপর ঢেলে দিন। ১০ মিনিট এইভাবে রেখে দিন। এরপরে একটি তন্দুরি শিকে মাটনের টুকরোগুলো সাবধানে গেঁথে কাঠকয়লার উনুনে রোস্ট করে একটি পাত্রে রেখে দিন। সামান্য তেল, নুন ও চিনি দিয়ে ময়দা মেখে নিন। রোলের পরোটা বেলে একটি তাওয়াতে মাখন দিয়ে লালচে করে ভেজে নিন। পরোটা বানানো হয়ে গেলে রোস্টেড মাটনের টুকরোগুলো পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচিসহ ঐ তাওয়ায় অল্প তেল দিয়ে ভেজে নিন। তারপর পরোটার মাঝে লম্বালম্বিভাবে ঐ মাংস-পেঁয়াজ-ক্যাপসিকাম ফ্রাই সাজিয়ে নিন। অবশেষে এর উপরে লেবুর রস ও লঙ্কা কুচানো দিয়ে পাতলা কাগজ দিয়ে গোল করে মুড়ে নিলেই গরম সুস্বাদু মাটন রোল খাবার জন্য তৈরি। 

অনবদ্য চিকেন রোল। Chicken Roll Recipe

 উপকরণ:- বোনলেস মুরগির মাংস ১৫০ গ্রাম, ৫০ গ্রাম টকদই, ২ টেবিল চামচ আদা বাটা, একই পরিমাণে রসুন বাটা, ২টা কাঁচালঙ্কা কুচানো, ২ টেবিল চামচ লেবুর রস, একই মাপের মাখন, স্বাদমতো নুন ও চিনি, ২ টেবিল চামচ কাজুবাদাম বাটা, চারমগজ বাটা ২ টেবিল চামচ, কাবাব মশলা ২ টেবিল চামচ, লঙ্কাগুঁড়ো এবং গরমমশলা গুঁড়ো ২ টেবিল চামচ করে, ময়দা ২০০ গ্রাম, সাদা তেল ২-৪ টেবিল চামচ। 

কিভাবে তৈরি করবেন? 

- মুরগির মাংস ছোট ছোট টুকরো করে দোকান থেকে কাটিয়ে আনুন অথবা নিজে কেটে নিন। চারমগজ বাটা, রসুনবাটা, কাজুবাটা, টকদই, গুঁড়োলঙ্কা, গরমমশলার গুঁড়ো, কাবাবমশলা, সামান্য তেল ও নুন একসাথে মিশিয়ে মাংসের টুকরোগুলোর উপর ঢেলে দিন। ১০ মিনিট এই অবস্থায় রাখুন। এই ফাঁকে সামান্য তেল, চিনি ও জল দিয়ে ময়দা রোলের পরোটার জন্য তাল করে মেখে নিন। এরপরে মাংসের টুকরোগুলো তন্দুরির শিকে সাবধানে গেঁথে কাঠকয়লার আগুনে রোস্ট করে আলাদা একটি পাত্রে রেখে দিন। এরপরে মাখন দিয়ে পরোটা লালচে করে ভাজুন। পরোটা ভাজা হয়ে গেলে রোস্ট করা মুরগির টুকরোগুলো পেঁয়াজ ও ক্যাপসিকাম টুকরোসহ একদম অল্প তেলে ফ্রাই করে নিন। তারপর পরোটার মাঝখানে লম্বালম্বিভাবে মাংসপেঁয়াজ-ক্যাপসিকামের ফ্রাইগুলো সাজিয়ে নিন। এর উপরে লেবুর রস ও কাঁচালঙ্কা কুচি দিয়ে পাতলা কাগজ দিয়ে গোল করে মুড়লেই আপনার পছন্দের চিকেন রোল গরমাগরম পরিবেশনের জন্য রেডি। 

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

ফিশ তন্দুরি রোল। Fish Tandoori Roll Recipe

প্রয়োজনীয় সামগ্রী:- ভেটকি মাছ ২০০ গ্রাম, ২ টেবিল চামচ পাতিলেবুর রস, ১০০ গ্রাম টকদই, ২ টেবিল চামচ আদা বাটা, একই পরিমাণে রসুন বাটা, ২টো পেঁয়াজ কুচানো, ১টা ক্যাপসিকাম কুচানো, ৪টা কাঁচালঙ্কা কুচি, ২৫ গ্রাম তন্দুরি মশলা, ৫ গ্রাম লঙ্কাগুঁড়ো, ২ ফোঁটা কেওড়াজল, ২ ফোঁটা গোলাপজল, ১ ফোঁটা মিষ্টি আতর, ১ চা চামচ গরম মশলা, ২০০ গ্রাম ময়দা, স্বাদমতো নুন ও চিনি, ৩-৪ টেবিল চামচ তেল, ২ চামচ মাখন। 

বানানোর পদ্ধতি:- মাছ চৌকো করে মাঝারি মাপে কেটে নুন ও লেবুর রস মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন। তারপর আদাবাটা, রসুনবাটা, তন্দুরিমশলা, গরমমশলা, লঙ্কাগুঁড়ো ও টকদই একসঙ্গে ফেটিয়ে মাছের উপর ঢেলে দিন। কয়েক মিনিট রাখার পরে এর মধ্যে গোলাপজল, কেওড়াজল ও মিষ্টি আতর দিয়ে দিন। তন্দুরি শিকের মধ্যে মাছের টুকরোগুলো সাবধানে একটি একটি করে গেঁথে কাঠকয়লার আগুনে রোস্ট করুন। রোস্ট করার পর মাছের টুকরোগুলো আলাদা একটি পাত্রে রাখুন। এবার রোল তৈরির পরোটা বানানোর জন্য ময়দা মাখুন জল দিয়ে। ময়দা মাখবার সময় এরমধ্যে আন্দাজ অনুসারে নুন, চিনি ও মাখন দেবেন। তারপর পরোটা বেলে নিয়ে একটি তাওয়ায় মাখন দিয়ে লালচে করে ভাজুন। পরোটা ভাজা হয়ে গেলে আগে রোস্ট করা ভেটকি মাছের টুকরোগুলো পেঁয়াজ ও ক্যাপসিকাম কুচি দিয়ে হালকাভাবে ভেজে নিন। এরপর ভাজা পরোটার মাঝখানে লম্বালম্বিভাবে মাছ-পেঁয়াজ-ক্যাপসিকাম ফ্রাইগুলো সাজিয়ে নিন। উপরে লেবুর রস ও কাঁচালঙ্কা কুচি দিয়ে পরোটা পাতলা কাগজ দিয়ে মুড়ে ফিশ তন্দুরি রোল বানিয়ে ফেলুন। তৎক্ষণাৎ গরম গরম খান ও খাওয়ান। 

অনবদ্য পটলের পাতুরি। Patoler Paturi

উপকরণ:- ৫০০ গ্রাম পটল, ৫০ গ্রাম সরষে, ৫০ গ্রাম পোস্ত, ৬-৭ টা কাঁচালঙ্কা, একটি নারকেলের এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ, নুন ও চিনি স্বাদমতো / আন্দাজ মতো। প্রয়োজন মতো তেল। 

কিভাবে? :- আগে থাকতে নারকেলসহ সব মশলা আলাদা করে বেটে রাখুন। কড়াইতে তেল দিয়ে উনুনের অল্প আঁচে লম্বালম্বি করে কাটা পটল কিছুক্ষণ সাঁতলে নিন। তারপর ভাজা পটল কড়াই থেকে তুলে নিয়ে ঐ গরম তেলে নারকেল বাটা দিন। নারকেল একটু ভেজে নিয়ে তারমধ্যে বাটা মশলাগুলিও দেবেন। এবার সবটুকু বেশ ভালো করে কষে নিতে হবে। তেল ছাড়া ছাড়া হয়ে এলে এরমধ্যে সাঁতলানো পটলগুলি দিয়ে দেবেন। এরপর নুন, মিষ্টি ও পরিমাণমতো জল দিয়ে কড়াই ঢাকা দিয়ে দিন। সবটা ভালো করে ফুটে উঠলে কড়াই নামিয়ে রাখুন। আপনার পছন্দের পটল পাতুরি খাবার পাতে ওঠার জন্য তৈরি। 

পালংশাকের ঘন্ট। Palang Shaker Ghanto

 কাঁচামাল:- ২ আটি বা গোছা পালংশাক, ভাইটাল চাঙ্ক হাফ প্যাকেট, ২ টা বড়ো পেঁয়াজ কুচানো, ৪ কোয়া কুচানো রসুন, ২ - ৪ টা কাঁচালঙ্কা, ১ চা চামচ ঘি, আন্দাজ মতো নুন ও চিনি, সামান্য টকদই, প্রয়োজন অনুসারে জিরে ও শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো, আন্দাজ মতো সাদা তেল। 

পদ্ধতি:- বাজার থেকে আনা পালংশাক বেছে ভালো করে ধুয়ে প্রথমে সেদ্ধ করুন। তারপর বেটে নিন। একটা বাটিতে গরম জলে চাঙ্কগুলো ৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর উনুনে একটি কড়াই বসিয়ে কিছুটা তেল গরম করুন। তাতে পেঁয়াজ, আদা, রসুন ছেড়ে দিয়ে ভাজতে থাকুন। এগুলি ভালো করে ভাজা হয়ে এলে পালংশাক বাটা ঢেলে দিন। গরমজলে ভেজানো চাঙ্কগুলো তুলে চিপে জল বের করে কড়াইতে দিয়ে নাড়তে থাকুন। প্রয়োজনে সামান্য গরম জল দিতে পারেন। নুন, চিনি ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ টানা নেড়ে সাৎলে ঘন্ট উনুন থেকে নামিয়ে নিন। উপরে টকদই ঢেলে ও ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন। 

বুধবার, ১৯ আগস্ট, ২০২০

সবজির মোমো ঘরে সহজে তৈরি করুন। Vegetable Momo Recipe

 উপকরণ:- ১ কাপ ময়দা, ১ টেবিল চামচ তেল, আন্দাজ মতো আটা মাখার জল, পুরের জন্য ২ টেবিল চামচ বিন, গাজর কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজকলি কুচানো ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, স্বাদমতো নুন ও মরিচ, ভাজার জন্য আন্দাজ মতো তেল। 

তৈরি করার পদ্ধতি:- তেল ও ময়দা একসাথে মাখুন। তারপর জল দিয়ে আবার মাখুন। খেয়াল রাখবেন ময়দার তালটি যেন বেশ নরম হয়। তালটি ঢেকে রাখুন। অন্যদিকে কড়াই বা প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজকলি কুচি ভেজে নিন। এরপর বাকি সবজির কুচি দিয়ে ভেজে নুন ও মরিচ দিয়ে দিন। পাঁচ মিনিট নাড়াচাড়া করুন। আগে মাখা ময়দার তাল থেকে খানিকটা করে নিয়ে তার মধ্যে পুর ভরুন। পুরভরা মোমো গরম তেলে ভেজে তুলুন। যদি ভাজা না খেতে চান তাহলে ঐ পুরভরা মোমোগুলি সেদ্ধ করে নিতে পারেন। চিলি গার্লিক সস দিয়ে পরিবেশন করুন। 

চিলি গার্লিক সসের জন্য দরকার ৬ টা ভিনিগারে ভেজানো লঙ্কা, চার কোয়া রসুন, ২ টা মাঝারি সাইজের টমেটো, স্বাদমতো নুন একত্রে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন। আপনার সস রেডি। 

কুল ফলের ঝোল। Kuler Jhol Recipe

 বানাতে কি কি জিনিস লাগবে? 

- পাকা টোপাকুল ২৫০ গ্রাম, ২ চা চামচ সরষের তেল, ফোড়নের জন্য ১ চা চামচ সরষে, ১৫০ গ্রাম চিনি, ২ চা চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে নুন। 

বানানোর পদ্ধতি:-

কুলগুলো টিপে ফাটিয়ে দেখে নিন ভিতরে পোকা আছে কিনা। তারপর পরিষ্কার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ফেলুন। কড়াইতে তেল গরম করে তাতে সরষে ফোড়ন দিন। এরপর কুল দিয়ে সামান্য নেড়ে আন্দাজমতো জল ঢালুন। এইবার চিনি দিয়ে দিন। ফুটে উঠলে নুন ও জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে কড়াইয়ের ফুটন্ত মিশ্রণে ঢেলে দিন। বেশ ঘন হয়ে এলে উনুন থেকে নামিয়ে নিন। 

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

করলা দিয়ে কুমড়োর ছেঁচকি সহজে বানিয়ে নিন | Karola Kumror Chhechki

 উপকরণ:- উচ্ছে বা করলা ২০০ গ্রাম, মিষ্টি কুমড়ো ৪০০ গ্রাম, মাঝারি সাইজের আলু ৫ থেকে ৬ টা, ২ চা চামচ মেথি, ৬-৭ খানা শুকনো লঙ্কা, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, ৫০ মি. লি. সরষের তেল। 

 রন্ধন পদ্ধতি:- পাতলা চাকা চাকা করে করলা বা উচ্ছে কেটে নিন। আলুর খোসা ছাড়িয়ে গোল গোল করে কাটুন। কুমড়োও হাফ ইঞ্চি পুরু করে গোল করে কেটে রাখুন। কড়াইতে তেল ভালো করে গরম করে নিন। শুকনো লঙ্কা ও মেথি ফোড়ন দিন। মেথি লালচে রঙের হয়ে আসলে তাতে করলা ছেড়ে দিন। করলা আধভাজা হয়ে এলে আলু ছাড়ুন। আলু একটু ভাজা ভাজা হয়ে উঠলে কাটা কুমড়োগুলো দিন। তখন হলুদ ও নুন দিয়ে দিন। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে কুমড়ো লাল হয়ে উঠলে বুঝবেন এই রান্নাটি সম্পূর্ণ হয়েছে। শেষের দিকে শুধু একটি ব্যাপারে সতর্ক থাকবেন যে, কুমড়োর টুকরোগুলো যেন যতটা সম্ভব না ভাঙে। তারপর উনুন থেকে নামিয়ে নিন। 

সোমবার, ১৭ আগস্ট, ২০২০

মাংসের কিমা পাই বানানো। Mutton Keema Pie

 বি. দ্র.:- ৭৫০ গ্রাম খাসির মাংসের হিসেবে সব পরিমাণ দিলাম। 

উপকরণ:- ছোট করে কাটা বেকন দুই টুকরো, মাংসের কিমা ৭৫০ গ্রাম, একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো, বীজ বের করা ১ টা কাঁচালঙ্কা কুচানো, যদি জোগাড় করতে পারেন তাহলে মাংসের স্যুপ কিউব ১ টা, আধ কাপ জল, ১ টেবিল চামচ সরষে, স্বাদমতো নুন, আন্দাজ মতো মরিচ, মাখন দিয়ে সেদ্ধ করা বিন ৪৫০ গ্রাম, যদি কোপ্তা ( Kofta ) বানাতে চান তাহলে ১০০ গ্রাম ময়দা, চর্বি অথবা মাখন ৫০ গ্রাম, ভেজে নিয়ে গুঁড়ো করা মৌরি ১ চা চামচ। 

রান্নার পদ্ধতি:- কাঁচের বাটিতে বেকন, পেঁয়াজ ও মরিচ দিন। পাঁউরুটির কাগজ দিয়ে পাত্রটি ঢাকা দিন। ওভেনে ৫-৭ মিনিট বেক করুন। অন্য আরেকটি পাত্রে কিমা দিয়ে সেটি ১০ মিনিট বেক করুন। ছুরি দিয়ে বেক করা কিমা ভালো করে ঘেঁটে বেকন-পেঁয়াজের পাত্রে ঢেলে দিন। এই মিশ্রণে মাংসের স্যুপ, কিউব, জল ও সরষে দিয়ে দিন। তারপর নুন ও মরিচ দিয়ে মিশ্রণটি ভালো করে আবার নেড়ে ওভেনে দিন। আধাঘণ্টা অবধি বেক করুন। লক্ষ্য রাখবেন যেন পোড়া না লাগে। ওভেন থেকে বের করে মাখনে সেদ্ধ বিন মিশিয়ে রেখে দিন। 

কিভাবে সাজাবেন? 

- ময়দা, চর্বি অথবা মাখন ও মৌরিগুঁড়ো একসাথে মিশিয়ে জল দিয়ে ভালো করে মাখুন। এই মিশ্রণটি ৬ ভাগে ভাগ করে কিমার উপর সাজিয়ে ওভেনে দিন। তারপর পনের মিনিট বেক করুন। এবার ওভেন থেকে বের করে ৩-৪ মিনিট বাদে পরিবেশন করতে পারবেন। 

আলু দিয়ে খাসির মাংসের ঝোল | Mutton Curry

বি. দ্র.:- পাঁচশো গ্রাম মাংস অনুযায়ী সব জিনিসের পরিমাণ দিলাম। 

উপকরণ:- টুকরো করে কাটা পাঁঠা বা খাসির মাংস ৫০০ গ্রাম, আলু দুই টুকরো করে কাটা ২৫০ গ্রাম, ধনেগুঁড়ো ২ চা চামচ, জিরেগুঁড়ো ২ চা চামচ, হলুদগুঁড়ো ১ চা চামচ, লঙ্কাগুঁড়ো ২ চা চামচ, আদা বাটা হাফ চামচ, ৪ টা কাঁচালঙ্কা বাটা, ৩ টা তেজপাতা, বাটা গরমমশলা ৫ গ্রাম, তেল ১৫০ গ্রাম, ঘি ২ চা চামচ, নুন ও চিনি স্বাদ অনুসারে। 

প্রণালী:- কড়াইতে তেল গরম করে আলু ভেজে আলাদা একটি পাত্রে তুলে রাখুন। ওই তেলেই তেজপাতা ও সমস্ত মশলা ছেড়ে দিয়ে কষতে থাকুন। তারপর মাংস দিয়ে হাতা বা খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে সবটা ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে অল্প নুন ও চিনি দিয়ে সবটুকু প্রেসার কুকারে ঢেলে দিন। এইসময় ভাজা আলুগুলোও দেবেন। তারপর ঢাকনা বন্ধ করে ৩ থেকে ৪ টা সিটি বাজতে দিন। পুরো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরমমশলা বাটা ও ঘি উপরে ছড়িয়ে দিয়ে অল্প কিছুক্ষণ ঢেকে রাখুন। তারপর গরম গরম পরিবেশন করুন। 

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

খাসির মাংসের কোর্মা | Mutton Korma Recipe

 উপকরণ:- পাঁঠা বা খাসির বড়ো টুকরো করে কাটা মাংস ১ কেজি, ঘি ১ চায়ের কাপ, টকদই ১০০ গ্রাম, পেঁয়াজবাটা হাফ কাপ, ৬-৭ টা রসুন কোয়া বাটা, প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো, ২৫ গ্রাম আদা বাটা, গরমমশলা বাটা, প্রয়োজন মতো স্বাদমতো চিনি ও নুন, অল্প লেবু বা টমেটোর রস। 

পদ্ধতি:- শিরদাঁড়া ও পাঁজরের মাংস হলে ভালো হয়। ঐ মাংস ভালো করে ধুয়ে তাতে টকদই, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো ও গরমমশলা বাটা দিন। চিনি ও লেবুর রস দিয়ে ভালো করে মেখে ১ ঘন্টার মতো ফ্রিজে রাখুন। কড়াই বা প্যানে আধ কাপ ঘি গরম করে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিন। হাতা বা খুন্তি দিয়ে কিছুক্ষণ ধরে ওলটপালট করে সাৎলে ঢাকা দিন। মাংসে কিন্তু জল দেবেন না। স্বাভাবিকভাবেই যা জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। ৩-৪ মিনিট অন্তর ঢাকা খুলে নাড়বেন। এইরকম ভাবে অনবরত মাংস নেড়ে যাবেন। না হলে তলা দিয়ে পোড়া লাগবে। নামাবার সময় কাপের বাদবাকি ঘি দিয়ে দেবেন। নামিয়ে অবশ্যই কিছুটা সময় ঢেকে রাখবেন। এইভাবে খাবার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে। তারপর পরিবেশন করতে পারবেন। 

বুধবার, ১২ আগস্ট, ২০২০

মাংসের কালিয়া রান্নার প্রণালী। Mutton Kalia Recipe

 উপকরণ:- খাসি বা পাঁঠার মাংস ১ কিলো, ঘি ৫০০ গ্রাম, বাদাম ১০০ গ্রাম, কুচানো পেঁয়াজ ৫০০ গ্রাম, দারচিনি ও এলাচ ২৫ গ্রাম, লবঙ্গ ১০ গ্রাম, মরিচ ১০ গ্রাম, ধনে ২৫ গ্রাম, আদা ২৫ গ্রাম, জাফরান ১০ গ্রাম, স্বাদমতো নুন, কয়েকটি লঙ্কা, প্রয়োজন অনুসারে চিনি। 

রান্নার পদ্ধতি:- কড়াইতে বা প্যানে ঘি দিয়ে অর্ধেক পেঁয়াজ ভেজে তুলে নিন। ধনে, মরিচ, আদা, জাফরান বেটে মাংসে মেখে নিন। বাদাম বেটে রাখুন। বাকি পেঁয়াজও বেটে রাখুন। গরম ঘিতে লবঙ্গ ফোড়ন দিন এবং মাংস ছাড়ুন। পেঁয়াজ বাটা, নুন, গোটা লঙ্কা ও চিনি দিন। মাংসটা সেদ্ধ হলে বাদাম বাটা ও গরমমশলা বাটা মিশিয়ে দিন। একটু ফুটিয়ে নিয়ে মাখামাখা ঝোল রেখে উনুন থেকে নামিয়ে নিন। যদি হলুদ দেওয়ার ইচ্ছা হয় তাহলে মাংস কষানোর সময় অল্প পরিমাণ মতো দিতে পারেন। 

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

পাঁঠা বা খাসির মাংস কষা রেসিপি | Mutton Kasha Recipe

 উপকরণ: খাসি বা পাঁঠার মাংস ৭৫০ গ্রাম, টক দই ৩০০ গ্রাম, পেঁয়াজ ৩০০ গ্রাম, রসুন ৬ কোয়া, আদা ১০০ গ্রাম, টমেটো বড় সাইজের ২ খানা, তেজপাতা কয়েকটি, হলুদের গুঁড়ো ২৫ গ্রাম, লঙ্কা গুঁড়ো ২৫ গ্রাম, তেল ৩০০ মি. লিটার, নুন আন্দাজ মতো, চিনি ২ চিমটে।

প্রণালী:- মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে টক দই মাখিয়ে রাখুন। অর্ধেকটা পেঁয়াজ, রসুন ও আদা একসঙ্গে বেটে নিন। হলুদ, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, বাটা মশলা এবং খানিকটা তেল মাংসে মাখিয়ে রাখুন। বাকি পেঁয়াজ কুচিয়ে নিন। প্রেসার কুকার আঁচে চাপিয়ে বাকি তেল ঢেলে গরম করে নিন। টমেটোগুলো টুকরো করে গরম তেলে ছেড়ে তাতে পেঁয়াজকুচি ও চিনি দিয়ে হাতা বা খুন্তি দিয়ে নাড়তে থাকুন। পুরো বাদামি রঙের হয়ে এলে মশলামাখা মাংস তাতে ঢেলে দিন। তারপর আবার নাড়তে বা সাৎলাতে থাকুন। কষানো ভালো মতো হয়ে এলে অল্প জল আলাদা গরম করে সেই কষানো মাংসে ঢেলে দিন। এরপরে প্রেসারের ঢাকনা বন্ধ করে তিনটি সিটি দিয়ে নামিয়ে নিন। যদি জল বেশি থাকে তাহলে অল্প আঁচে বসিয়ে অতিরিক্ত জল শুকিয়ে নিন। ব্যাস, আপনার কষা ( Kosha ) মাংস তৈরি।